বিয়ের বয়স ১৬ হলে আদালতে যাব-এড. সালমা আলী


মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হলে দেশের নারী সমাজ তা মানবে না। এ ধরনের আইনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আদালতে যাবো।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নারী নির্যাতন বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘নারী ও শিশু নির্যাতন, হত্যা, অপহরণ প্রতিকার এবং প্রতিরোধ’ বিষয়ক এ সেমিনারের আয়োজন করে নারী ঐক্য পরিষদ।

সালমা আলী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের নিচে হলে নারী সমাজ কোনমতেই তা মেনে নেবে না। ১৮ বছরের নিচে একজন মেয়ে বিয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। আমরা প্রস্তুত আছি, আইন হলেই আদালতে যাবো। মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করা না হলে আইনটি নারীবান্ধব হবে না।’

মানিকগঞ্জে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় যা আসে বাস্তবে তার থেকে আরও বেশি।’

সেমিনারে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা মহানগর পুলিশের যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায়, মহিলা ও শিশু অধিদপ্তরে প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ।

মন্তব্যসমূহ